Friday, 27 December 2024

বিরিয়ানি পছন্দ করেন?

 

‘‘বিরিয়ানি পছন্দ করেন? জেনে নিন বিশ্বের 

সেরা ১০ বিরিয়ানির গল্প’’





বিরিয়ানি পছন্দ করেন না—এমন মানুষ পাওয়া হয়তো মুশকিল হবে। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইরানেও রয়েছে বিরিয়ানির চল। বিভিন্ন দেশের সেরা ১০ বিরিয়ানির কথা জানতে দেখুন ভিডিও।



Sunday, 22 December 2024

এক কাপ চায়ের মূল্যের কম শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা

 

‘‘এক কাপ চায়ের মূল্যের কম শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা’’



কোমলমতি শিশুদের শিক্ষার হাতেখড়ি হয় যাদের হাতে, তারা হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। একজন সুশিক্ষিত সুনাগরিক গঠনের প্রথম কারিগর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সেই মহান দায়িত্ব যাদের কাঁধে, তাদের জীবনমানের গল্প শুনলে বিবেকবান মানুষের বিবেকে বাঁধবে।


প্রাথমিক বিদ্যালয়ের উচ্চশিক্ষিত একজন শিক্ষকের বেতন ভাতা মন্ত্রণালয়ের গাড়িচালকের গ্রেডের নিচে ১৩ তম গ্রেডে। প্রাথমিকের শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা কত শুনলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রাথমিকের শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা ৬.৬৬ টাকা, যা দিয়ে বর্তমান সময়ে এক কাপ চাও পাওয়া যায় না।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার যখন ঊর্ধ্বগতির চরম পর্যায়ে তখনও শিক্ষকদের আগের ভাতাই বিদ্যমান। একজন শিক্ষক সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান পরিচালনা করেন। অথচ তাদের দুপুরের মধ্যাহ্ন বিরতিতে ৬.৬৬ টাকার টিফিন ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এই লজ্জাজনক টিফিন ভাতা হয় উঠিয়ে নেওয়া হোক, আর না হলে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে দুপুরের খাবার ভাতা প্রদান করা হোক।

৬.৬৬ টাকার টিফিন খেয়ে একজন শিক্ষক বিকেল ৪টা পর্যন্ত কীভাবে পাঠদানে মনোনিবেশ করবেন এবং সফল পাঠ দেবেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভেবে দেখার সবিনয় অনুরোধ রইল।  




Saturday, 21 December 2024

মুগডালে চিতল মাছ ।

 

‘‘মুগডালে চিতল মাছ’’


আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা আপনি ভাতের সাথেতো বটেই পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা বলতে পারি একবার খাবার পর বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন জেনে নেই আজকের রেসিপি মুগডালে চিতল মাছ কীভাবে রান্না করবেন! 

মুগডালে চিতল মাছ রান্নার নিয়ম

উপকরণ

  • মুগডাল -৪০০ গ্রাম
  • চিতল মাছের পেটির পিস -৪ পিস
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • রসুন বাটা -১ টেবিল চা চামচ
  • আদা বাটা – ১ চা চামচ
  • হলুদ গুঁড়া-১ চা চামচ
  • জিরা গুঁড়া-১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া-১ চা চামচ
  • মরিচ গুঁড়া-১ চা চামচ
  • লবণ -স্বাদমতো
  • কাঁচা মরিচ -৩/৪টি
  • টক দই – ১ কাপ পরিমাণ
  • তেল-পরিমাণমতো
  • পানি -পরিমাণমতো
  • ধনেপাতা কুচি -স্বাদমতো

প্রণালী

১) প্রথমে মুগডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন।

২) এরপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৩) এরপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা ও ধনিয়া বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে মসলাগুলো মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া।

৪) এখন সামান্য নেড়ে পানি দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে টকদই দিয়ে ১/২ মিনিট নাড়াচাড়া করুন। এখন এতে দিয়ে দিন ভেজানো মুগের ডাল ও আবার নাড়াচাড়া করুন এবং পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে এতে মাছের পেটিগুলো দিয়ে আবার ঢেকে দিন। এ সময় চুলার আচঁ অবশ্যই মিডিয়াম থাকবে। নামানোর আগে ফালি করা কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিন।

যখন মাখা মাখা ঝোল থাকবে তখন নামিয়ে পরিবেশন করুন মজাদার এই মুগডালে চিতল মাছ!

কিছুক্ষণের জন্য স্থান হারিয়ে আবারও লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস

 

‘‘কিছুক্ষণের জন্য স্থান হারিয়ে আবারও লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস’’



ঢাকার শেয়ারবাজারে আজ প্রথম ঘণ্টার লেনদেনের পর লেনদেনের শীর্ষে উঠে আসে ইয়াকিন পলিমার। বেশ কিছুদিন ধরে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুডস, আজ ফু ওয়াং ফুডসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইয়াকিন পলিমার। ফুওয়াং ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেনের পর ফুওয়াং ফুড আবার লেনদেনের শীর্ষে উঠে আসে।
এ ছাড়া দিনের প্রথম ঘণ্টার লেনদেনে দেখা গেছে, মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে বিমা খাত। লেনদেনেরও বড় অংশ জুড়ে আছে বিমা খাত। গতকালও ঢাকার শেয়ারবাজারে বিমা খাতের দাপুটে অবস্থান ছিল। সেই ধারাবাহিকতায় আজও বাজারে বিমা খাতের প্রাধান্য দেখা যাচ্ছে।

বিমা খাতের একাধিক কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় আছে। বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে।

আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লাখ টাকার।

এদিকে প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছ, একটি ঊর্ধ্বমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ৮৯ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৬৬ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৭ পয়েন্ট।



Thursday, 19 December 2024

দেশি পিঠার সঙ্গে জমজমাট আড্ডা

 

‘‘দেশি পিঠার সঙ্গে জমজমাট আড্ডা’’

শীতের বিকেল খুবই ছোট। তেমনই এক বিকেলে আয়োজন করা হয় পৌষ পার্বণের পিঠা উৎসব। শীতকালে বাংলার প্রতিটি ঘরেই তৈরি হয় নানা স্বাদের পিঠা। অঞ্চলভেদেও পিঠার আছে ভিন্নতা। উৎসবেও দেখা গেল সেই আবহ। ঘরোয়া আবহে পুরো আয়োজন উপভোগ করেছেন অতিথিরা। ২ পৌষ (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে আয়োজন করা হয় বিভিন্ন এলাকার পিঠা নিয়ে উৎসব। ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা হুদার উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নেন আগত লোকজন। শুধু পিঠা প্রদর্শন ও খাওয়া নয়, পিঠা বানানোর সরঞ্জামও বিক্রি করেছেন কেউ কেউ।

মুগডাল দিয়ে তৈরি নকশা করা এই পিঠা খেতেও সুস্বাদু।

অনলাইনে পিঠার দোকান ‘দেশের বাড়ি’র উদ্যোক্তা সোনিয়া আক্তার এনেছিলেন এই কাঁঠালপাতায় তালের পিঠা।

ছাদের ওপর চলা এই পৌষ-পার্বণ পিঠা উৎসবে খেতে খেতে আড্ডা দিচ্ছেন আগত লোকজন।

চট্টগ্রামের সাদা দুধপুলি।

ছাদের একপাশেই চুলা বসিয়ে তৈরি হচ্ছে গরম-গরম পিঠা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান মো. মহিউদ্দিন হেলাল।

আনন্দ নিয়ে পিঠা খাচ্ছেন এক অতিথি।

পিঠা তৈরির নানা সরঞ্জাম বিক্রি করছিল ‘নুফা রান্নাঘর’ নামক একটি স্টল।

লোহার কড়াইতে গরম-গরম চিতই পিঠা।

সবুজ পালংশাকে তৈরি পাটিসাপটা পিঠা।

মুন্সিগঞ্জের পিঠা তেলে ভাজা নারিকেল পুলি।

Wednesday, 18 December 2024

জলপাই দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেয়েছেন? দেখুন রেসিপি

 

‘‘জলপাই দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেয়েছেন? দেখুন রেসিপি’’

বাজারে চলে এসেছে জলপাই। সাধারণত আচার বানানোর জন্য প্রাধান্য পেলেও, জলপাই দিয়ে বানানো যায় নানা রকম খাবার। তেমনই একটি রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা


উপকরণ

পাঁচমিশালি মাছ ২৫০ গ্রাম, শর্ষের তেল ১ টেবিল চামচ, জলপাই ৩-৪টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ ও কাঁচা মরিচ ২টি।

প্রণালি

তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। সব মসলা কষিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছ ও জলপাই দিন। সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।


Tuesday, 17 December 2024

Shah Rukh Khan New Hindi Movie 2024

 





পথ্য থেকে স্যুপ যেভাবে বাংলার রসনা সংস্কৃতিতে জায়গা করে নিল

 

‘‘পথ্য থেকে স্যুপ যেভাবে বাংলার রসনা 

সংস্কৃতিতে জায়গা করে নিল’’




সারা বছর রেস্তোরাঁয় গিয়ে খাওয়া হলেও শীতে মন চায় বাড়িতেও হোক স্যুপ। ঘরোয়া পদ্ধতিতে বরবটি, ফুলকপি, গাজর, ব্রকলি, বাঁধাকপি ইত্যাদি সবজি দিয়ে গরম–গরম স্যুপ খাওয়ার যে সাধ, তাকেই বুঝি বলে ‘উইন্টার ক্রেভিংস’।

এই স্যুপ খাওয়ার মধ্যেও আবার আয়োজন আছে। শীতের কুয়াশাসন্ধ্যায় অথবা অলস ছুটির বিকেলে আরাম করে এক বাটি স্যুপ খাওয়ার আনন্দই আলাদা। ধোঁয়া ওঠা স্যুপের ঘ্রাণ আর স্বাদের উষ্ণতায় নিমেষেই চনমনে হয়ে ওঠে শরীর-মন।



স্যুপ কিন্তু আমাদের খাবার ছিল না। পশ্চিমা এই খাবার ব্রিটিশ শাসনামলে উপমহাদেশে আসে। প্রথম দিকে এটা ছিল রোগীর পথ্য। পরিবারের কেউ ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত হলে পথ্য ছিল মুরগির স্যুপ। সময়ের সঙ্গে সঙ্গে চিকেন ব্রথ, ক্রিমি ভেজিটেবল স্যুপ আমাদের স্থানীয় সবজি, মসলা ও অন্যান্য উপকরণের সঙ্গে মিলে তৈরি করে এক ফিউশন স্বাদ। বাংলার রসনা সংস্কৃতিতে জায়গা করে নিয়ে হয়ে উঠেছে আমাদের খাবার।

আপনি রান্নায় পটু হয়ে থাকুন বা অপটু, স্যুপ রান্নায় নির্দ্বিধায় আপনি নিজের সৃজনশীলতা প্রয়োগ করার সুযোগ পাবেন। যে যে সবজি আপনার পছন্দ, যেসব রঙের সবজি দিলে দেখতে সুন্দর হবে, সেগুলো দিয়ে অনায়াসে বানাতে পারেন স্যুপ।

এই পদ তৈরির কোনো বাঁধাধরা নিয়ম নেই। এতে তিনটি উপকার হচ্ছে ১. একসঙ্গে অনেক স্যুপ বানিয়ে ফ্রিজে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন। ২. নিজের ইচ্ছেমতো সবজি দিয়ে স্যুপ বানানোর প্রক্রিয়াটি আপনার জন্য হতে পারে ‘থেরাপিউটিক’। ৩. পরিবারের শিশু সদস্যটি যদি সবজি খেতে না চায়, তাহলে স্যুপের সঙ্গে মিলিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে মাছ বা মুরগিও যোগ করতে পারবেন। এতে একই সঙ্গে আমিষ, ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হবে।


বিভিন্ন দেশ ঘোরার সময় দেখেছি, খাদ্যাভ্যাস ও খাদ্য সংস্কৃতিতে স্যুপের একটি বড় ভূমিকা রয়েছে। যেমন, চীনে হট অ্যান্ড সাওয়ার স্যুপ খাওয়া হয় এর ঔষধি গুণাগুণের জন্য। ফ্রান্সের নিজস্ব স্যুপ ফিশ বুইয়াবেস ও অনিয়ন স্যুপের স্বাদ ও রন্ধনশৈলী উভয় দিক থেকে স্বতন্ত্র। অন্যদিকে জাপানের মিসো স্যুপ মুখরোচক স্বাদ ও অন্যান্য শারীরিক উপকারিতার জন্য জনপ্রিয়। আবার রাশিয়ান স্যুপের প্রধান বৈশিষ্ট্য হলো দেশটির স্থানীয় সবজি ও ঐতিহ্যের মিশেল।


Wednesday, 4 December 2024

হাতে তৈরি আপেল জুস দেখে মুগ্ধ কোটি মানুষ

 

হাতে তৈরি আপেল জুস দেখে মুগ্ধ কোটি মানুষ






তাজা আপেল জুস তৈরির এক মনোমুগ্ধকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে আপেল গাছ থেকে ফল সংগ্রহ করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো প্রিজারভেটিভ ছাড়াই জুস তৈরি করা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওতে শার্লট নামে এক নারীকে দেখা যায়, আপেল গাছ ঝাঁকিয়ে লাল টকটকে আপেল মাটিতে ফেলতে। পরে তিনি সেগুলো সংগ্রহ করে জুস তৈরি করেন।   

ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলস-এ বসবাসকারী শার্লট ভিডিওতে প্রথমে গাছ থেকে আপেল সংগ্রহ করেন। এরপর তিনি একটি সাধারণ কাটার মেশিনে আপেলগুলো ছোট ছোট টুকরো করেন। এরপর ম্যানুয়াল প্রেস ব্যবহার করে আপেল থেকে রস বের করেন। সোনালি-বাদামি রঙের তাজা জুস তিনি একটি জগে জমা করেন এবং শেষে তা পান করেন।  

শার্লটের পোস্টে লেখা ছিল, আমাদের শীতকালীন আপেলের জুস তৈরির সময় এসে গেছে। প্রতি বছর শীত অতিবাহিত করতে আমরা যথেষ্ট জুস তৈরি করি। এই ম্যানুয়াল প্রেসটি আমরা বছরের পর বছর ধরে ব্যবহার করছি। ডিসকভারি আপেল শরতের শুরুতেই গোলাপি হয়, তখন আমরা এই পুরনো প্রেসটি বের করে কাজে নেমে পড়ি।  

ভিডিওটি ইনস্টাগ্রামে ৩.৪ কোটি বার দেখা হয়েছে এবং নেটিজেনদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছে। একজন মন্তব্য করেছেন, কী অসাধারণ! আপনি কত সুন্দর জীবন কাটাচ্ছেন। অন্য একজন লিখেছেন, এটাই প্রকৃত ধনী হওয়ার উদাহরণ। একদম পারফেক্ট জীবন।

আরেকজন ব্যবহারকারী বলেছেন, নিজের হাতে ফলানো খাবারের সঙ্গে প্রকৃতির এই প্রাচুর্য বুঝতে পারা যায়। সংকট হলো মানুষের লোভের ফল।  

অন্যদের মন্তব্যেও দেখা গেছে, অনেকেই এই জুস তৈরির প্রক্রিয়ায় মুগ্ধ হয়েছেন। কেউ লিখেছেন, আমি যেন এর স্বাদ অনুভব করতে পারছি। কেউ আবার বলছেন, আপনার শ্রমের ফল পান করছেন। দারুণ সতেজকর। 

এর আগে ১৮৯০-এর দশকের মতো পুরনো পদ্ধতিতে তৈরি আইসক্রিমের ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এটি প্রমাণ করে, প্রাকৃতিক পদ্ধতিতে খাবার তৈরির প্রতি মানুষের আগ্রহ কতটা বেশি।

Tuesday, 3 December 2024

শীতে ঝাল খাবার

 

শীতে ঝাল খাবার





শীতের বিকালে ধোঁয়া ওঠা গরম ঝাল পিঠা হলে মন্দ হয় না। তেমনি সহজ একটি পিঠার রেসিপি প্রদান করেছেন রন্ধনশিল্পী- সোনিয়া রহমান

ঝাল কিমা চিতই

উপকরণ : চালের গুঁড়া ১ কাপ, মাংসের কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি : প্রথমে চুলায় পিঠা তৈরির পাত্র বসিয়ে তাতে তেল মেখে নিতে হবে। অন্যদিকে চালের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি ও লবণ এবং বাকি সব উপকরণ মিশিয়ে গোলা তৈরি করে নিতে হবে। এবার গরম খোলায় পিঠার গোলা ঢেলে ঢেকে দিন। এভাবে তিন-চার মিনিট রেখে দিতে হবে। চুলা মাঝারি আঁচে রাখতে হবে।

Monday, 2 December 2024

শিঙাড়াকাণ্ডে হুলস্থুল হিমাচলে!

 

শিঙাড়াকাণ্ডে হুলস্থুল হিমাচলে!



ভারতের হিমাচল প্রদেশের শিঙাড়া বিতর্কে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শিঙাড়া কোথায় গেল, কী ভাবেই বা নির্দিষ্ট স্থানে পৌঁছাল না, তা নিয়েই বিতর্কের সূত্রপাত। আর সেই জল এত দূর গড়িয়েছে যে, শেষমেশ রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। শুধু তা-ই নয়, এই ঘটনাকে ‘সরকার-বিরোধী’ বলেও দাবি করা হয়েছে। ফলে হিমাচলের রাজনীতি এখন ‘শিঙাড়াময়’ হয়ে উঠেছে।

ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু গিয়েছিলেন সিআইডির সদর দফতরে। সেখানে সাইবার শাখার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর জন্য কিছু জলখাবারের ব্যবস্থাও করা হয়। তাই তার জন্য শিঙাড়া এবং কেকের আয়োজন করা হয়েছিল। একটি বিলাসবহুল হোটেল থেকে সেই জলখাবার আনানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই জলখাবার মুখ্যমন্ত্রীর কাছে তো পৌঁছায়নি, বরং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে সেই জলখাবার ভাগ করে দেওয়া হয়। কীভাবে এই ভুল হল? কোথায় গাফিলতি ছিল? মুখ্যমন্ত্রীর জন্য আনা শিঙাড়া আর কেক কেনই বা প্রোটোকল মেনে তার হাতে পৌঁছাল না— এ সব নানাবিধ প্রশ্ন উঠতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সিআইডি দফতরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জন্য আনানো জলখাবার কীভাবে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের হাতে পৌঁছে গেল, সেই তদন্তের দায় বর্তেছে সিআইডিরই ওপর। ফলে উপরমহল থেকে নির্দেশ আসতেই তদন্ত শুরু করে সিআইডি। ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার দেওয়া রিপোর্ট অনুযায়ী, সমন্বয়ের অভাবেই এই ধরনের ঘটনা ঘটেছে।

রিপোর্টে এটাও বলা হয়েছে, আইজি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা নিরাপত্তার দায়িত্বে থাকা এক সাব ইনস্পেক্টরকে (এসআই) সেই জলখাবার আনার নির্দেশ দেন। এসআই আবার অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টরকে (এএসআই) সেই নির্দেশ দেন। সেই এএসআই এবং এক হেড কনস্টেবল লক্কড় বাজারের ওই বিলাসবহুল হোটেল থেকে তিন বাক্স জলখাবার নিয়ে আসেন। তার পর এসআইকে বিষয়টি জানান। সেই পুলিশ কর্মকর্তারা তার পর পর্যটন দফতরের কর্মীদের কাছে জানতে চান, এই তিন বাক্স জলখাবার কি মুখ্যমন্ত্রীর জন্য? তখন তারা জানিয়ে দেন, এ বিষয়ে কিছু জানেন না। রিপোর্টে বলা হয়েছে, এসএআই কোনও শীর্ষ কর্মকর্তাকে না জিজ্ঞাসা করেই পরিবহণ দফতরে সেই খাবার পাঠিয়ে দেন। ওই দফতরই এই বিষয়টি মূলত দেখাশোনা করে। কিন্তু সেখান থেকে সেই জলখাবার চলে যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে। ফলে এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়ায় সেই জলখাবার। আর এই বিষয়টি নিয়েই বিতর্ক শুরু হয়েছে। কীভাবে মুখ্যমন্ত্রীর জন্য আনানো জলখাবার তার কাছে পৌঁছালই না, বরং তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের হাতে পৌঁছাল? সমন্বয়ের অভাবকে রিপোর্টে উল্লেখ করার পাশাপাশি সিআইডি এই ঘটনাকে ‘সরকার-বিরোধী’ বলেও উল্লেখ করেছে।

সুখুর শিঙাড়া খেল কে? এই ঘটনা নিয়েও রাজনৈতিক রসিকতার পাশাপাশি কটাক্ষও শুরু হয়েছে গিয়েছে হিমাচলে। মুখ্যমন্ত্রী সুখুর ‘অপূর্ণ রসনাতৃপ্তি’ নিয়ে কটাক্ষ করে বিজেপি বলেছে, এই সরকার রাজ্যের উন্নয়নের কথা না ভেবে শিঙাড়ায় মজে রয়েছে। রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলের মিডিয়া সেলের প্রধান রণধীর শর্মার টিপ্পনী, ‘‘হিমাচলের মানুষ সমস্যায় জর্জরিত, আর সরকার শিঙাড়ার খোঁজে তদন্ত করছে!’’


Sunday, 1 December 2024

চা তৈরির পর ভুলেও পাতা ফেলবেন না, জেনে নিন এর প্রয়োজনীও ৫ ব্যবহার।



চা তৈরির পর ভুলেও পাতা ফেলবেন না, জেনে নিন এর প্রয়োজনীও ৫ ব্যবহার 
ঝটপট পড়ে ফেলুন।


চা তৈরি করার পর অনেকেই পাত্রে জমে থাকা চা পাতা ফেলে দেন ডাস্টবিনে। অবশ্য অনেকেই এই চা কাজে লাগান গাছের সারে। তবে সেই চা পাতা হতে হবে চিনি ছাড়া। না হলে গাছের দফারফা নিশ্চিত। তবে কি জানেন, সার তৈরি ছাড়াও এই চা পাতা লাগে আরও অনেক কাজে!
১) চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিন। দেখবেন আরাম পাবেন।

২) সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভাল করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। দেখবেন চোখের ক্লান্তি দূর হবে।

৩) ব্রণর সমস্যায় ভুগছেন? ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিনদিন করুন। দেখবেন সমস্যা দূর হবে।

৪) বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

৫) জুতোয় দুর্গন্ধ হচ্ছে? গ্রিন টি-এর পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে গিয়েছে। ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে।